সেলিম মণ্ডলের গুচ্ছকবিতা
আমৃত্যু
১
জন্ম ও মৃত্যুর মধ্যে টস হলে মৃত্যুই বারবার জিতে যায়। পছন্দ মতো মাঠে নামে। তারপর ট্রফি নিয়ে চলে যায় বাড়ি...
২
একটি লাশ কালো কাপড়ে মোড়ানো থাকবে না সাদা কাপড়ে সেটা ঠিক করে দেয় রাষ্ট্র। তবে যে কাপড়েই মোড়ানো থাক মুখ দেখা যায় না।
৩
কারো যোনি কাটা, কারো স্তন কাটা, কারো জিভ কাটা... সবাই একই মিছিলে; আমাদের ঠিক করে নিতে হবে কে জীবিত, কে মৃত, কে খুনি, কে ধর্ষক...
৪
চুপ থাকাটাই শ্রেয়, না হলে তার ঝকঝকে দাঁতে লেগে থাকা টকটকে রক্ত দেখা যাবে...
৫
প্রতিটি সিরিয়ালে মিডিয়া অথবা প্রশাসন
সফল অনুবাদক।
বীজ
সমস্ত সম্ভাবনার ভিতর তুমিই গাছ
রোদ শিকার করবে বলে স্বীকার করে ফেলছ ছায়া
ছায়া, তোমার থেকে বড়ো
জেনেও, তুমি পাতায় পাতায় ডালে ডালে আত্মমগ্ন
ধ্যান ভাঙবে বলে আবার নিঃশব্দে রোপণ করছ বীজ
অসাধারণ কবি। জাস্ট নত হতে হয় এসব লেখার কাছে...
উত্তরমুছুন