উজ্জ্বল ঘোষের কবিতা
আমানকল্যাণ
নতুন দেশ। মাটি আমার জন্মের মতো পুরাতন! সীমন্তিনী মাটির বুকে অনেক চেনা ধ্বনির গয়না। আইনত বৈধ আমার ভূখণ্ড। চোখে তবে কেন উদ্বাস্তু জল!
জল বড়ো ধীর, জল অপেক্ষমাণ। মাটিতে তাকিয়ে থাকি। মাটির মুখের কারুকাজ ঝাপসা হয়ে আসে, ফুটে ওঠে ভেতরের অন্ধকার। মাটির বুকের কাছে কান পেতে শুনি আমানকল্যাণ...
মাটিও হাঁ-করে চেয়ে থাকে, ভাবে বাস্তুহারা কৃষকের চোখে কবে দোপাটি ফুটবে। পিঁপড়ের সারি চলে, মাথায় দিনের টুকরো। ডানচোখ কেঁপে ওঠে। শূন্য থেকে বৃষ্টি নেমে আসে। বর্ষা ডেকে ওঠে পাতাল থেকেও। রোপণের আয়োজন থেমে থাকে তবু। রাত ক্রমে গাঢ় হয়ে আসে। মাটির বিবিধ রঙে বাস্তু গড়া বাকি, শস্য খোঁজা বাকি ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন