সেখ সাদ্দাম হোসেনের কবিতা
প্রিয় ডালিমগাছটি
তোমার নাম কি?
মেয়েটি ভয়ে ভয়ে বললো- রুকসনা খাতুন।
(মেয়েটির দুপাশে তার চাচা, স্বাস্থ্যবান ভাই আর বুড়ো বাপ দাঁড়িয়ে আছে)
মাধ্যমিক পাশ করেছ? চুলটা একটু খোলো তো দেখি!
বাহ বেশ সুন্দর। তা কি কি করতে পারো মা?
তৎক্ষণাৎ পাশ থেকে চাচা উত্তর দিলো- হ্যাঁ, সে আর বলতে
রান্না করা, বাসন মাজা, ঘর পরিষ্কার, সব..
বেশ বেশ। মা, পায়ের কাপড়টা একটু সামান্য তোলো তো দেখি!
-- তোমার হাতটা, পায়ের মতো অত ফর্সা নয়।
মেয়েটি বুড়ো বাপের দিকে তাকাচ্ছে। চোখ টলটল করছে তার
বুড়ো বাপ মরার আগে মেয়ের একটা সঙ্গতি করতে চায়। শুনেছে পাত্রপক্ষ বেশ ধনী
মেয়েটি একটা হাসপাতালের দিকে ঝুঁকে পড়ছে।
কেউ শুনতে পাচ্ছে না, মেয়েটি তারস্বরে চিৎকার করে বলছে-
আমার গায়ের রঙ কালো। আমি মাছ আঁকতে পারি। আমি মাছরাঙা সাজতে পারি
গাছের ওড়নায় ছোঁয়াতে পারি জোনাকির মাতন
রেশনের লাইনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারি
আর পারি মায়ের মতোই দুঃখ লুকাতে
না, কেউ শুনতে পেলো না। নাস্তা শেষ করে সবাই হাত ধুচ্ছে এবার
মেয়েটির প্রিয় ডালিমগাছটি শুধু- বোন বোন শব্দে ককিয়ে উঠলো কয়েকবার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন