অরিত্র চ্যাটার্জির কবিতা
নানা রঙের কবিতা
১
জল পিছিয়ে আসছে
এমত তোমার যা কিছু স্খলন
ঈষৎ সবুজভাব
গাভীর মত বিস্তৃত করেছে নিঃসঙ্গতা
স্নানাগারের সমস্ত ইন্দ্রিয় তা জানে
২
কাগজ থেকে ফুলটুকু
যে অতি সন্তর্পণে বাদ দিয়েছিল
সেই সিপিয়াসর্বস্ব মেয়েটি
বাগানে তার স্বপ্ন লিখে রাখছে
এখন সাদাকালো দাবার বোর্ডে
সবুজ আপেল এলোমেলো গড়ায়
যেন সাম্প্রতিক নয়
তবু কোন কমলা মাংসের ঘ্রাণ
বেয়ে রোমকূপ থেকে উঠে আসছে সাপ
আর ফিসফিস করে তোমায় বলছে
"বিশ্বাস কর,
এসব-ই আসলে সত্যি”…
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন