রাজর্ষি দে-র কবিতা
হেমন্তের ঘোড়া
শহরে হেমন্ত আসে না
তবু আমরা ঘোড়া ঘোড়া খেলি
চেতকের শ্বাস জমে যায়
শানবাঁধা মাটি জুড়ে
চাবুকের গতি জানে হাওয়ার বেইমানি
ছেনালি বাতাস পেয়ে
ধুকপুকি থেমে যেতে পারে
*************
অনন্ত গোধূলি
অগণিত মানুষ একসঙ্গে একলা বসে আছে
চরাচর জুড়ে
খুব কাছের দৃশ্য আমরা দেখতে পাই না
সম্পূর্ণ পাই না
তাই এই একাকিত্ব জরুরি
আমরা এক অন্যকে বুঝে নিচ্ছি
কয়েকশো শতাব্দী ধরে
আরো কিছু শতাব্দী এভাবেই কেটে যাবে
একদিন সূর্য ঠাণ্ডা হয়ে যাবে
ততদিন টিকে গেলে
অনন্ত গোধূলি জুড়ে
মানুষ ঘরে ফিরবে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন